বাংলার প্রার্থী তালিকা নিয়ে নাজেহাল বিজেপি! চার দফাতেও কাটল না জট, বদল হল পুরনো নাম

বাংলার প্রার্থী তালিকা নিয়ে নাজেহাল বিজেপি! চার দফাতেও কাটল না জট, বদল হল পুরনো নাম

ভোটের মুখে বঙ্গ বিজেপিতে চরম বিশৃঙ্খলা! প্রার্থী বদল থেকে শুরু করে বিক্ষোভ—সব মিলিয়ে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। মঙ্গলবার চতুর্থবারের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করলেও এখনও ছয়টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। প্রার্থী নির্বাচন নিয়ে জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ক্ষোভের মুখে পড়ে আগের নাম বদলে ফেলতে বাধ্য হচ্ছে দল।

ময়নগুড়িতে কৌশিক রায়ের বদলে ডালিম রায়কে টিকিট দেওয়া হয়েছে। এর আগে বিষ্ণুপুরেও প্রার্থী বদল করতে হয়েছিল। সিতাই কেন্দ্রে গ্রেটার নেতা আশুতোষ বর্মাকে প্রার্থী করার পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। স্থানীয় কর্মীদের সাফ কথা, প্রার্থী না বদলালে নরেন্দ্র মোদির সভায় পর্যন্ত যাবেন না তারা।

বিজেপির এই তালিকায় পরিবারতন্ত্রের ছায়াও স্পষ্ট। বাগদা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। ফলে এই কেন্দ্রে লড়াই হতে চলেছে ননদ ও বউদির মধ্যে, কারণ তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন মধুপর্ণা ঠাকুর। অন্যদিকে, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে ছেঁটে ফেলে গিরিজা শংকর রায়কে টিকিট দেওয়া হয়েছে। কংগ্রেস থেকে আসা সন্তোষ পাঠককেও চৌরঙ্গি আসনে জায়গা দেওয়া হয়েছে, যা দলের পুরোনো কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়েছে।

ভোটের মাত্র এক মাস বাকি থাকলেও কেন এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনীতির অন্দরে। এরই মধ্যে দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মাইকেল মধুসূদন দত্তের বংশধর হওয়ার তকমা কাজে লাগিয়ে তাকে কোনো একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির এই অন্তর্কন্দল মিটিয়ে সব আসনে প্রার্থী ঘোষণা কবে হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *