নন্দীগ্রামে শুভেন্দুকে দেখে চোর চোর স্লোগান, মেজাজ হারিয়ে কড়া হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। বুধবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের অন্তর্গত তৃণমূল প্রভাবিত একটি এলাকায় শেখ রাকিবুল নামে এক বিজেপি সমর্থকের বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তিনি। শুভেন্দুর কনভয় এলাকায় পৌঁছাতেই একদল মানুষ তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন এবং একইসঙ্গে ‘জয় বাংলা’ ধ্বনি তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের পালটা হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী।
বিক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, “এইসব করে কোনও লাভ নেই, একুশের নির্বাচনের মতো পরিস্থিতি এবার হতে দেব না। সবার কাছে যাওয়ার এবং আবেদন করার অধিকার আমার আছে।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করছে এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে কাজ করতে বাধা দিচ্ছে। তাঁর মতে, এটি মধ্যযুগীয় বর্বরতার সামিল। শুভেন্দু দাবি করেন, বিজেপি সমর্থক রাকিবুলকে সামাজিক বয়কট করার কারণেই তিনি তাঁর পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন।
পালটা প্রতিক্রিয়ায় তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী আসলে বাংলা বিরোধী, আর সেই কারণেই মানুষের মুখে ‘জয় বাংলা’ স্লোগান শুনলে তিনি মেজাজ হারাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামের এই রাজনৈতিক চাপানউতোর বর্তমানে চরম আকার ধারণ করেছে। স্থানীয় স্তরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা প্রশমনে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট যত এগিয়ে আসছে, নন্দীগ্রামের মাটি তত উত্তপ্ত হয়ে উঠছে।