ইউপিআই পেমেন্টে বড় বদল, ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নয়া দ্বিমুখী সুরক্ষা ব্যবস্থা

১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে ইউপিআই (UPI) লেনদেনের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। অনলাইন জালিয়াতি রুখতে এবং ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ করতে এখন থেকে কার্যকর হচ্ছে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ বা দ্বিমুখী নিরাপত্তা ব্যবস্থা। এর ফলে ফোনপে, গুগল পে বা পেটিএম-এর মতো অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানোর সময় গ্রাহকদের এখন থেকে অতিরিক্ত স্তরের নিরাপত্তা ধাপ পার করতে হবে।
এতদিন শুধুমাত্র কিউআর (QR) কোড স্ক্যান করে ৪ বা ৬ সংখ্যার পিন দিলেই টাকা পাঠানো যেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, পিন নম্বর দেওয়ার পাশাপাশি গ্রাহককে বায়োমেট্রিক পদ্ধতি যেমন আঙুলের ছাপ (Fingerprint), ফেস আইডি (Face ID) অথবা মোবাইলে আসা ওটিপি (OTP)-র মাধ্যমে লেনদেন নিশ্চিত করতে হবে। অর্থাৎ, পিন নম্বর অন্য কেউ জেনে গেলেও আপনার বায়োমেট্রিক প্রমাণ বা ওটিপি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া সম্ভব হবে না।
লেনদেনের সীমার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন না হলেও নিরাপত্তার স্বার্থে নতুন ব্যবহারকারীদের জন্য কড়া নিয়ম জারি করা হয়েছে। কোনো ব্যক্তি প্রথমবার ইউপিআই ব্যবহার শুরু করলে প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে সাধারণ লেনদেনের ক্ষেত্রে দৈনিক ১ লক্ষ টাকা এবং হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের ফি মেটানোর ক্ষেত্রে দৈনিক ৫ লক্ষ টাকা পর্যন্ত পাঠানোর সুবিধা আগের মতোই বজায় থাকছে।
পাশাপাশি, এটিএম থেকে কার্ডহীন টাকা তোলার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করেছে এইচডিএফসি (HDFC)-র মতো ব্যাংকগুলি। এখন থেকে ইউপিআই স্ক্যান করে এটিএম থেকে টাকা তোলা গ্রাহকের মাসিক ফ্রি লিমিটের মধ্যেই গণ্য হবে। নির্দিষ্ট সীমা অতিক্রম করলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যেতে গ্রাহকদের দ্রুত নিজেদের ইউপিআই অ্যাপ আপডেট করার এবং ফোনে বায়োমেট্রিক লক সক্রিয় করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।