শ্বশুড়-শাশুড়ির ভরণপোষণ দিতে বাধ্য নন পুত্রবধূ, ঐতিহাসিক রায় এলাহাবাদ হাইকোর্টের

এলাহাবাদ হাইকোর্ট এক তাৎপর্যপূর্ণ রায়ে স্পষ্ট জানিয়েছে যে, ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি-র ১২৫ ধারা অনুযায়ী কোনো পুত্রবধূ তাঁর শ্বশুর-শাশুড়ির ভরণপোষণ নিশ্চিত করতে আইনত বাধ্য নন। মৃত ছেলের সম্পত্তির উত্তরাধিকার থাকা বা না থাকার বিষয়টিকে ভরণপোষণ মামলার সঙ্গে মিলিয়ে দেখা চলবে না বলেও আদালতের তরফে জানানো হয়েছে। বিচারপতি মদন পাল সিং এই মামলার শুনানিতে উল্লেখ করেন যে, ভরণপোষণ দাবি করা একটি নির্দিষ্ট আইনি অধিকার, যা আইনের অধীনে কেবল নির্দিষ্ট ব্যক্তিদের জন্যই সংরক্ষিত এবং শ্বশুর-শাশুড়ি সেই তালিকার অন্তর্ভুক্ত নন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আগ্রার এক বৃদ্ধ দম্পতি তাঁদের পুত্রবধূর বিরুদ্ধে ভরণপোষণের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আবেদনকারীদের দাবি ছিল, তাঁদের ছেলে বেঁচে থাকাকালীন তাঁরা তাঁর ওপর নির্ভরশীল ছিলেন। উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত তাঁদের পুত্রবধূ ছেলের মৃত্যুর পর সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ও পেনশন পাচ্ছেন, তাই নৈতিকভাবে তাঁর উচিত শ্বশুর-শাশুড়ির দেখভাল করা। যদিও এর আগে ফ্যামিলি কোর্টও তাঁদের এই আবেদন খারিজ করে দিয়েছিল।
হাইকোর্ট তাঁর পর্যবেক্ষণে জানায়, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সুনির্দিষ্ট আইনি সংস্থান ছাড়া কাউকে বাধ্য করা সম্ভব নয়। পুত্রবধূর চাকরিটি যে অনুকম্পামূলক ভিত্তিতে হয়েছিল, তার কোনো অকাট্য প্রমাণও আদালতে পেশ করা যায়নি। আদালত সাফ জানিয়েছে, উত্তরাধিকার সংক্রান্ত বিতর্ক সিভিল কোর্টের বিষয়, কিন্তু ১২৫ ধারায় ভরণপোষণের ক্ষেত্রে পুত্রবধূর ওপর এমন কোনো দায় বর্তায় না। এই রায়ের ফলে উত্তরাধিকার আইন এবং ভরণপোষণের দায়ের মধ্যে থাকা আইনি পার্থক্যটি পুনরায় প্রতিষ্ঠিত হলো।