২০২৬ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার হুঙ্কার সুকান্তর, আলিপুরদুয়ারে বিজেপির বিশাল শক্তি প্রদর্শন

আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনেই পদ্ম শিবিরের জয় নিশ্চিত বলে তিনি আশাপ্রকাশ করেন। বুধবার আলিপুরদুয়ারের বি এম ক্লাব ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি রাজ্য রাজনীতিতে পরিবর্তনের ডাক দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরবঙ্গসহ পুরো রাজ্যে বিজেপি ভালো ফল করবে বলে তিনি আত্মবিশ্বাসী।
মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আলিপুরদুয়ারে বিজেপির ব্যাপক শক্তি প্রদর্শন লক্ষ্য করা গিয়েছে। জনসভা শেষে কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, কুমারগ্রাম ও আলিপুরদুয়ার কেন্দ্রের পাঁচ বিজেপি প্রার্থী বিশাল মিছিল করে জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’য় গিয়ে মনোনয়ন জমা দেন। মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থকের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নেতৃত্বের মতে, উত্তরবঙ্গের এই মজবুত সংগঠনই বিধানসভা জয়ের পথ প্রশস্ত করবে।
নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের প্রস্তুতিতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের হেভিওয়েট নেতারা লাগাতার প্রচার চালিয়ে কর্মীদের মনোবল চাঙ্গা করছেন। উত্তরবঙ্গের এই শক্ত ঘাঁটি ধরে রাখার পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভালো ফলের লক্ষ্যে মরিয়া বিজেপি নেতৃত্ব। এখন দেখার, সুকান্ত মজুমদারের এই জয়ের দাবি ব্যালট বক্সে কতটা প্রতিফলিত হয়।