দিল্লিতে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা আপনার দুয়ারে পৌঁছাবে মোদী সরকারের প্রতিনিধি

দিল্লিতে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা আপনার দুয়ারে পৌঁছাবে মোদী সরকারের প্রতিনিধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ মিশনকে ত্বরান্বিত করতে আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লিতে শুরু হচ্ছে ‘জনগণনা ২০২৭’-এর প্রথম ধাপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সূত্রের খবর, এনডিএমসি এবং দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় প্রথম দফায় ‘হাউস লিস্টিং অপারেশন’ (HLO) পরিচালিত হবে। পরবর্তী পর্যায়ে ১৬ মে থেকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় এই কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথাগত কাগজের বদলে এবার ব্যবহৃত হবে বিশেষ মোবাইল অ্যাপ ও ডিজিটাল পোর্টাল। ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নাগরিকরা চাইলে ‘সেলফ-এনিউমারেশন’ পোর্টালের মাধ্যমে অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে আবাসন ও জীবনযাত্রার মান সম্পর্কিত মোট ৩৩টি প্রশ্ন করবেন। কেন্দ্র স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়ায় পরিচয় বা নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো প্রকার নথি দেখানোর প্রয়োজন নেই।

ডিজিটাল এই তথ্যভাণ্ডার তৈরির মূল লক্ষ্য হলো সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি প্রকৃত ভারতীয়দের কাছে পৌঁছে দেওয়া। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এই ডিজিটাল বিপ্লব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজধানীর পর পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম শুরু হবে, যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মূল জনসংখ্যা গণনার মাধ্যমে সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *