সংসদে বড় তথ্য ফাঁস কলকাতা মেট্রোর স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে রেলমন্ত্রীর জবাব

কলকাতা মেট্রোর পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে তৃণমূল সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের উত্তরে গুরুত্বপূর্ণ তথ্য জানালো রেল মন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মেট্রোর পিলার, প্ল্যাটফর্ম এবং লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যাত্রী সুরক্ষায় সুড়ঙ্গ ও সেতুর ওপর নিরন্তর নজরদারি চালানো হয়। তবে শহরে ৫২ কিলোমিটার মেট্রো পথ নির্মাণের লক্ষ্য থাকলেও জমি অধিগ্রহণ ও উচ্ছেদ সংক্রান্ত জটিলতায় প্রায় ২০ কিলোমিটারের কাজ বর্তমানে থমকে রয়েছে।
মন্ত্রীর দেওয়া তথ্যে উঠে এসেছে বিভিন্ন রুটের সমস্যার চিত্র। নোয়াপাড়া-বারাসাত রুটে জয়হিন্দ এয়ারপোর্ট পর্যন্ত কাজ চললেও নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত অংশটি ঝুলে রয়েছে। একইভাবে জোকা-এসপ্ল্যানেড করিডোরে খিদিরপুর স্টেশনের ট্রাফিক ডাইভারশন ও ইউটিলিটি শিফ্টিং বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বেলেঘাটা থেকে দমদম এয়ারপোর্ট এবং বরানগর থেকে ব্যারাকপুর রুটের সম্প্রসারণেও বিভিন্ন প্রতিকূলতার কথা উল্লেখ করা হয়েছে রেলের পক্ষ থেকে।
রেল মন্ত্রক আরও দাবি করেছে যে, ১৯৭২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কলকাতায় মাত্র ২৮ কিলোমিটার মেট্রোপথ চালু হয়েছিল। বিপরীতে, ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে সেই পরিসর আরও ৪৫ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। পরিকাঠামোগত এই উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন বলে রেলের তরফে জানানো হয়েছে।