নির্বাচনমুখী বাংলায় তৃণমূলের বিশেষ স্ট্র্যাটেজি, ঘরে ঘরে পৌঁছাতে তিনস্তরীয় জনসংযোগের ডাক অভিষেকের

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনভিত্তি মজবুত করতে অভিনব তিন দফা কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিকল্পনায় দলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা পৃথকভাবে প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরবেন। জনসংযোগের এই বিশেষ মডেলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রায় ১০০ জনের প্রতিনিধি দল কাজ করবেন, যারা তিনটি পর্যায়ে ভোটারদের দোরগোড়ায় হাজির হবেন।
অভিষেকের নির্দেশ অনুযায়ী, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগেই এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে। কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ নথিবদ্ধ করা এই টিমের প্রধান কাজ। গ্রামীণ এলাকায় ব্লক এবং শহরাঞ্চলে ওয়ার্ড ভিত্তিক এই প্রচার চালানো হবে। কোনো গুরুতর সমস্যা থাকলে তা দ্রুত রাজ্য স্তরে সমাধানের জন্য পাঠানো হবে।
তৃণমূলের এই অভিযানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে নাম সংশোধন ও ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা নিরসনে। বিশেষ করে মহিলাদের সাহায্য করতে প্রতিটি পরিবারে যাবে দলের মহিলা সংগঠন। এসআইআর পর্বের হয়রানি থেকে শুরু করে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের সচেতন করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। ভোটারদের মন জয় করে নির্বাচনী বৈতরণী পার হতেই তৃণমূল সুপ্রিমো ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাঁড়াশি তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।