জলপাইগুড়িতে স্কুলছাত্রীকে বীভৎস গণধর্ষণ শ্রীঘরে নাবালকসহ ৫ অভিযুক্ত

জলপাইগুড়ির মেটেলি থানা এলাকায় এক নাবালিকা স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, সোমবার স্কুল ছুটির পর ওই ছাত্রী তার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে দেখা করতে গেলে একদল যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ছাত্রীর বন্ধুকে মারধর করে আটকে রেখে চার যুবক ও এক কিশোর মিলে পর্যায়ক্রমে ওই নাবালিকাকে যৌন নির্যাতন চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার পর নির্যাতিতা বাড়িতে ফিরে পরিবারকে বিস্তারিত জানালে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযান চালিয়ে এক কিশোরসহ মোট পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ওই নাবালিকাকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে। ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ (গ্রামীণ) সুপার উত্তম ঘোষ জানিয়েছেন, এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে। বর্তমানে চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে নির্যাতিতা এবং তার পরিবার।