বিধান ভবনে রক্তক্ষয়ী সংঘর্ষ প্রার্থী বদলের দাবিতে রণক্ষেত্র কংগ্রেস সদর দপ্তর

বালিগঞ্জসহ একাধিক কেন্দ্রের প্রার্থী বদলের দাবিতে বুধবার উত্তাল হয়ে উঠল প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন। অভিযোগ, বিক্ষোভ দেখাতে যাওয়া দলীয় কর্মীদের ওপর প্রার্থীর অনুগামীরা রড ও লাঠি নিয়ে হামলা চালায়। এই রক্তক্ষয়ী সংঘর্ষে এক কংগ্রেস কর্মীর মাথা ফেটেছে এবং এক মহিলা কর্মীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
শুধুমাত্র বালিগঞ্জ নয়, আমতা, চাঁচল ও মুর্শিদাবাদের মতো এলাকাগুলোতেও প্রার্থী তালিকা নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। গত রবিবার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় দফায় দফায় বিক্ষোভ, কার্যালয় ভাঙচুর ও পথ অবরোধের ঘটনা ঘটছে। এদিন আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্রের নেতৃত্বে একদল কর্মী প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করতে এলে অশান্তি চরমে পৌঁছায়।
বর্তমানে বিধান ভবনের ভেতরেই অবস্থানে বসেছেন ক্ষুব্ধ কর্মীদের একাংশ। তাদের সাফ দাবি, প্রদেশ সভাপতির সঙ্গে সরাসরি কথা বলে সমাধান না মেলা পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে। দলের উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করে কর্মীরা জানিয়েছেন, অযোগ্য প্রার্থীদের সরিয়ে যোগ্যদের জায়গা না দিলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে। বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।