৬৮ লক্ষ টাকার আর্থিক প্রতারণার মামলা, সোহমের বিরুদ্ধে ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল

৬৮ লক্ষ টাকার আর্থিক প্রতারণার মামলা, সোহমের বিরুদ্ধে ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল

ভোটের আবহে বড়সড় আইনি জটিলতায় জড়ালেন চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। ৬৮ লক্ষ টাকা ধার নিয়ে তা পরিশোধ না করার অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শাহিদ ইমাম নামে এক ব্যক্তি। মামলাকারীর দাবি, ২০২১ সালে একটি সিনেমা নির্মাণের লক্ষ্যে সোহমের সঙ্গে তাঁর এক কোটি টাকার চুক্তি হয়েছিল এবং সেই সূত্রে তিনি অভিনেতাকে ৬৮ লক্ষ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবির কাজ এগোয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

এই মামলার নেপথ্যে উঠে এসেছে পুরনো টানাপোড়েন। মামলাকারী শাহিদ ইমাম আগে যুব তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিয়োগ দুর্নীতি মামলায় জেলও খেটেছেন। তাঁর অভিযোগ, জেল থেকে মুক্তির পর পাওনা টাকা দাবি করলে তাঁকে হুমকির মুখে পড়তে হয়। এর আগে বিষয়টি আদালতের নির্দেশে মধ্যস্থতাকারী বা আরবিট্রেশনের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা বিফল হয়। ফলে বাধ্য হয়েই পুনরায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী সপ্তাহেই বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে ভোটের ঠিক আগে করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এই ঘটনাকে হাতিয়ার করে কড়া আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, আর্থিক দুর্নীতে অভিযুক্ত ব্যক্তির ওপর মানুষ ভরসা রাখবে না। অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ভোটের মুখে প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করতেই পুরনো বিষয় নতুন করে সামনে আনা হচ্ছে। সব মিলিয়ে আদালতের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *