প্রেমিকাকে দেখার বায়না মুজফফরপুরে ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে চড়লেন যুবক

প্রেমিকাকে দেখার বায়না মুজফফরপুরে ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে চড়লেন যুবক

বিহারের মুজফফরপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রেমিকাকে দেখার দাবিতে ৩০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে চড়ে বসেন আনিশ কুমার নামে এক যুবক। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে তাকে টাওয়ারের শীর্ষে দেখা যায়। এমনকি যুবক নিজেই পুলিশি হেল্পলাইন ১১২ নম্বরে ফোন করে তার অদ্ভুত দাবির কথা জানান।

আনিশ পুণের একটি দোকানে কর্মরত এবং দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশের দেওরিয়ার এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। জানা গেছে, পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক মেনে না নেওয়ায় এবং প্রেমিকার সঙ্গে দেখা করতে বাধা দেওয়ায় তিনি এই চরম পথ বেছে নেন। মঙ্গলবার পুণে ফিরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তিনি স্টেশনের পাশের টাওয়ারে উঠে পড়েন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘক্ষণ বুঝিয়ে এবং নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর যুবককে নিচে নামানোর প্রক্রিয়া শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা টাওয়ারের ওপরে কাটানো ওই যুবকের ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং যুবকের মানসিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *