কল্যাণী পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, প্রার্থী জটিলতায় অস্বস্তিতে বিজেপি

আসন্ন বিধানসভা নির্বাচনে কল্যাণী কেন্দ্রটি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের প্রার্থী ডাঃ অতীন্দ্রনাথ মণ্ডল ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় জনসংযোগ ও জোরদার প্রচার শুরু করেছেন। গত নির্বাচনে সামান্য ব্যবধানে হারের পর এবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ইস্যু এবং উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করে হারানো জমি ফিরে পেতে মরিয়া শাসকদল।
অন্যদিকে, প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় নির্বাচনী লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে বিজেপি। দেওয়াল দখল হলেও প্রার্থীর নাম না থাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারছে না গেরুয়া শিবির। এরই মধ্যে বর্তমান বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দলের একাংশের বিক্ষোভ ও গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসায় অস্বস্তি বেড়েছে সংগঠনের অন্দরে। তবে জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব।
ত্রিমুখী এই লড়াইয়ে পিছিয়ে নেই বামেরাও। সিপিএম প্রার্থী সবুজ দাস ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রে বিজেপির লিড থাকলেও, তৃণমূলের আগাম প্রস্তুতি এবং বিজেপির অভ্যন্তরীণ ডামাডোল কল্যাণীর রাজনৈতিক পারদকে তুঙ্গে তুলে দিয়েছে।