ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হাসনাবাদ ও গাইঘাটায় তুমুল বিক্ষোভ, অবরোধ যশোর রোড

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হাসনাবাদ ও গাইঘাটায় তুমুল বিক্ষোভ, অবরোধ যশোর রোড

এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অভিযোগে বুধবার উত্তাল হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ও গাইঘাটা। হাসনাবাদের ইটভাটা মোড়ে লেবুখালিগামী রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, পঞ্চায়েতের ৩০ নম্বর বুথের ১৪২ জন ভোটার প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও তালিকা থেকে বাদ পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। তৃণমূল প্রার্থী আনন্দ সরকার এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে সকল বৈধ ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, গাইঘাটার চাঁদপাড়া এলাকায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেখানে ১৭৩ নম্বর পার্টের ১৮৬ জন বিচারাধীনের মধ্যে ১৮৩ জনেরই নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এটি একটি পরিকল্পিত চক্রান্ত। ক্ষুব্ধ বাসিন্দারা গাইঘাটার বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।

অবরোধের জেরে যশোর রোডে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে গাইঘাটা থানার পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বললে আধ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুনরায় নাম অন্তর্ভুক্ত না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী ভোটাররা। উভয় ক্ষেত্রেই পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *