দেগঙ্গায় তৃণমূল-আইএসএফ রক্তক্ষয়ী সংঘর্ষ রণক্ষেত্র নুরনগর, জখম ৭

ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। নুরনগর গ্রাম পঞ্চায়েতের গাম্ভীরগাছি গ্রামের দক্ষিণপাড়ায় রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। জমি ছাড়া নিয়ে শুরু হওয়া এই বিরোধ মঙ্গলবার রাতে চরম আকার ধারণ করে, যার জেরে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত তৃণমূল কর্মী বাকিবুল্লা মণ্ডলের রাস্তায় গাড়ি রাখা নিয়ে। স্থানীয় সূত্রে খবর, গাড়ি রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, বাঁশ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে তিনজনকে গুরুতর অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে আইএসএফ এই হামলার অভিযোগ অস্বীকার করে এটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে। নির্বাচনের আগে এই ঘটনায় গাম্ভীরগাছি এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।