হাওড়ায় ফের শ্যুটআউট সালকিয়ায় যুবককে লক্ষ্য করে গুলি, গ্রেফতার কুখ্যাত আকাশ-সহ ৩

হাওড়ায় ফের শ্যুটআউট সালকিয়ায় যুবককে লক্ষ্য করে গুলি, গ্রেফতার কুখ্যাত আকাশ-সহ ৩

হাওড়ার পিলখানার রেশ কাটতে না কাটতেই এবার সালকিয়ার বিবির বাগান এলাকায় চলল গুলি। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সামান্য বচসাকে কেন্দ্র করে রাহুল পাল নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই যুবক। ঘটনার খবর পেয়েই দ্রুত তদন্তে নামে গোলাবাড়ি থানার পুলিশ। মূল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী আকাশ যাদব এবং তার দুই সহযোগীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরে রাহুল পালের ভাইয়ের সঙ্গে অভিযুক্ত ভিকি দলুইয়ের বিবাদ শুরু হয়। অভিযোগ, ভিকি তার পরিচিত দুষ্কৃতী আকাশকে ডেকে পাঠালে সে ঘটনাস্থলে এসে সরাসরি গুলি চালায়। স্থানীয় বাসিন্দারাই সাহসিকতার সঙ্গে আকাশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেন, তবে অভিযুক্তরা প্রাথমিক ভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে তিনজনকে পাকড়াও করে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা এলাকার একটি সক্রিয় দুষ্কৃতী দলের সদস্য। এলাকায় প্রোমোটিং, তোলাবাজি এবং জমি দখলের মতো একাধিক অসামাজিক কাজে এরা লিপ্ত ছিল। ভোটের আগে ঘনঘন গুলি চলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পিলখানায় প্রোমোটার খুনের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে গোলাবাড়ি থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *