গঙ্গাবক্ষে বিরিয়ানি পার্টি করে বিপাকে ১৪ যুবক, সেশন কোর্টেও খারিজ জামিন আবেদন

বারাণসীর পবিত্র গঙ্গায় নৌকার ওপর ইফতারের নামে চিকেন বিরিয়ানি পার্টি করার অভিযোগে অভিযুক্ত ১৪ যুবকের জামিনের আবেদন এবার সেশন কোর্টেও খারিজ হয়ে গেল। এর আগে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকেও তাদের আর্জি নাকচ করা হয়েছিল। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অলোক কুমারের আদালত দীর্ঘ দেড় ঘণ্টা উভয়পক্ষের সওয়াল-জবাব শোনার পর এই রায় দেন। আদালত স্পষ্ট জানিয়েছে যে, সামাজিক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের জামিন দেওয়া বর্তমানে সমাজ ও ন্যায়বিচারের পরিপন্থী।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ মার্চ পঞ্চগঙ্গা ঘাটের সামনে মাঝ গঙ্গায় নৌকায় বসে বিরিয়ানি খাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিযুক্তদের গঙ্গায় হাড় ফেলতে দেখা গিয়েছিল। এই ঘটনায় বারাণসীর মদনপুরা এলাকার ওই ১৪ বাসিন্দার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন এক বিজেপি যুব মোর্চা নেতা। নিম্ন আদালতের পর উচ্চতর আদালতও মনে করছে, অভিযুক্তরা বাইরে বেরোলে মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এবং এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অভিযুক্তরা নিজেরাই এই ঘটনার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন, যা প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্যপ্রণোদিত আচরণের প্রমাণ দেয়। অন্যদিকে, মামলার বাদী পক্ষ ও আইনজীবীদের ক্রমাগত হুমকি দেওয়ার অভিযোগকেও আদালত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। ১৯ মার্চ থেকে জেলবন্দি এই অভিযুক্তদের এখন জামিনের জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। ফলে আসন্ন উৎসবের মরসুমেও তাদের কারাগারেই থাকতে হচ্ছে বলে মনে করা হচ্ছে।