বিয়ের অনুষ্ঠানে মদ না দেওয়ায় তুলকালাম, নববধূ ও বরের মাকে বেধড়ক মারধর প্রতিবেশীদের

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক বিয়ের অনুষ্ঠানে মদ না খাওয়ানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলার আরোঁ থানার পটাই গ্রামে মহেশ জাটভ নামে এক যুবকের বিয়েতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিয়ের উৎসব চলাকালীন গ্রামেরই কয়েকজন ব্যক্তি বরের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করে। সেই দাবি মেটাতে অস্বীকার করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রতিবেশীরা বরের পরিবারের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
অভিযোগ উঠেছে যে, মদ্যপানের টাকা না পেয়ে উন্মত্ত প্রতিবেশীরা বরের মা, পরিবারের অন্যান্য সদস্য এমনকি ঘরে আসা নতুন বউকেও রেহাই দেয়নি। তাদের বেধড়ক মারধর করা হয়েছে বলে জানা গেছে। এখানেই শেষ নয়, হামলাকারীরা বরের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুঠ করে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আক্রান্ত পরিবারটি এরপর এসপি অফিসের দ্বারস্থ হয়ে বিচারের দাবি জানায়। বরের মা শিলা জাটভ জানান, তাঁর ছেলে নেশামুক্ত থাকতে চেয়েছিল এবং কাউকে মদ খাওয়াতে রাজি ছিল না। শুধুমাত্র এই নৈতিক অবস্থানের কারণেই তাঁদের ওপর এই পাশবিক হামলা চালানো হয়েছে। মনোজ, হরনাম ও ভীমসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গোয়ালিয়রের সিএসপি মনীশ যাদব জানিয়েছেন, মদ্যপানের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ ও মারপিটের ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই উভয় পক্ষের বয়ান নেওয়া হয়েছে এবং আহতদের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।