পাবলিক রিলেশনেই বাজিমাত উলুবেড়িয়া দক্ষিণে ফুরফুরে মেজাজে মন্ত্রী পুলক রায়

পাবলিক রিলেশনেই বাজিমাত উলুবেড়িয়া দক্ষিণে ফুরফুরে মেজাজে মন্ত্রী পুলক রায়

ভোটের ব্যস্ত মৌসুমেও উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী পুলক রায়কে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। কুলগাছিয়া স্টেশন সংলগ্ন হার্ডওয়্যারের দোকানে টুলে বসে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করছেন তিনি। দীর্ঘদিনের বিধায়ক ও অভিজ্ঞ এই রাজনীতিকের দাবি, সারা বছর তিনি জনসংযোগে সময় দেন বলেই ভোটের আগে আলাদা করে বাড়তি টেনশন নিতে হয় না। নিজের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী।

উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সাধারণ মানুষ সরকারের সামাজিক পরিষেবা ও ব্যক্তিগত সুবিধা সরাসরি পেয়েছেন, যা ভোটবাক্সে প্রতিফলিত হবে। এলাকার বাসিন্দাদের একাংশ বীরশিবপুর রেল স্টেশনের সাথে সংযোগকারী ব্রিজের অভাবের কথা জানালেও, সড়ক যোগাযোগ ও হাইমাস্ট আলোসহ পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের প্রশংসা করেছেন। মহেশপুর বা ৫৮ গেটের সৌন্দর্যায়ন পর্যটন মানচিত্রেও উলুবেড়িয়াকে আলাদা জায়গা করে দিয়েছে বলে স্থানীয়দের মত।

পাল্টা লড়াইয়ে ফরওয়ার্ড ব্লকের আমিরুল ইসলাম খান এলাকার কর্মসংস্থান ও উচ্চশিক্ষা প্রসারের দাবি তুলেছেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ পুরনো কর্মীদের অভিমান ভাঙিয়ে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত করতে মরিয়া। প্রার্থীরা নিজ নিজ রণকৌশলে প্রচার চালালেও, উলুবেড়িয়া দক্ষিণের ভোটাররা শেষ পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতা নাকি পরিবর্তনের পক্ষে রায় দেবেন, তা সময় বলে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *