রাহুলের মৃত্যুতে বিতর্কের জের রাজ্য মহিলা কমিশনের পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

তালসারিতে শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। মূলত তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় রাখতে এবং কোনো প্রকার পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বিবৃতিতে প্রযোজনা সংস্থাটি স্পষ্ট করেছে যে, লীনা গঙ্গোপাধ্যায় দীর্ঘকাল ধরে সৃজনশীল প্রধান ও চিত্রনাট্যকার হিসেবে যুক্ত থাকলেও তিনি কোনো অপারেশনাল এগজিকিউটিভ নন। রাহুলের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে যে, সেই সময় ঠিক কী ঘটেছিল তা জানতে শ্যুটিংয়ে উপস্থিত থাকা কলাকুশলীদের সাথে কথা বলা হচ্ছে। ঘটনার সময় সংস্থার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় মুম্বইতে থাকলেও খবর পেয়েই তিনি কলকাতায় ফিরে অভিনেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে সংস্থাটি অভিনেতার ৪০ মিনিট জলে ডুবে থাকার দাবি অস্বীকার করেছে। তাদের দাবি অনুযায়ী, উদ্ধারের পর রাহুল জীবিত ছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন; কিন্তু স্থানীয় ক্লিনিকে চিকিৎসক না থাকায় তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ হয়ে যায়। বর্তমানে এই ঘটনায় তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় নথি পেশ করতেও রাজি রয়েছে প্রযোজনা সংস্থা।