নতুন আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি প্রকাশ আয়কর দপ্তরের, জানুন কবে থেকে শুরু হবে ই-ফাইলিং প্রক্রিয়া

আয়কর দপ্তর ২০২৬-২৭ মূল্যায়ন বর্ষের (আর্থিক বছর ২০২৫-২৬) জন্য সাতটি আইটিআর (ITR) ফর্মসহ ITR-V এবং ITR-U ফর্মের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদিও ফর্মগুলি ইতিমধ্যে বিজ্ঞাপিত হয়েছে, তবুও করদাতাদের এখনই ই-ফাইলিং পোর্টালে রিটার্ন জমা দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত ফর্ম প্রকাশের পর এক্সেল (Excel) এবং জেএসন (JSON) ইউটিলিটিগুলি পোর্টালে লাইভ ও পরীক্ষা হওয়ার পরেই আসল ফাইল জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
বিশেষজ্ঞদের মতে, কারিগরি প্রস্তুতির কারণে মে মাসের মাঝামাঝি সময় থেকে পোর্টালে পুরোদমে রিটার্ন জমা দেওয়া সম্ভব হতে পারে। উল্লেখ্য, ব্যক্তিগত করদাতাদের জন্য ITR-1 (সহজ) এবং নির্দিষ্ট আয়ের জন্য ITR-2 সহ বিভিন্ন ক্যাটাগরির ফর্ম নির্ধারণ করা হয়েছে। তবে তাড়াহুড়ো করে ফাইল জমা না দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ আর্থিক বছর শেষ হওয়ার পরপরই ফর্ম ২৬এএস (26AS) এবং এআইএস (AIS)-এর মতো প্রয়োজনীয় নথিগুলি সম্পূর্ণ আপডেট হয় না।
সাধারণত কো ম্পা নিগুলি ৩১ মে পর্যন্ত টিডিএস (TDS) রিটার্ন জমা দেয়, ফলে জুন মাসের মাঝামাঝি সময়ের আগে সঠিক তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ে। নথিপত্রের অমিল থাকলে আয়কর বিভাগ থেকে নোটিশ পাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময়ে করদাতাদের তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখা এবং তথ্য যাচাইয়ের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক তথ্যের ভিত্তিতে জুন মাসে ফাইল জমা দেওয়া করদাতাদের জন্য নিরাপদ হবে।