বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন ৭ দপ্তরকে দ্রুত তথ্য জমার নির্দেশ

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন ৭ দপ্তরকে দ্রুত তথ্য জমার নির্দেশ

রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত বা গ্রান্ট-ইন-এইড সংস্থার কর্মী ও পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দ্রুত মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে অর্থদপ্তর। বুধবার অর্থসচিব প্রভাত কুমার মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা, স্কুলশিক্ষা, পরিবহণ এবং পঞ্চায়েতসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের পদস্থ কর্তারা এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন।

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ আগেই মিটিয়ে দিয়েছে রাজ্য। এবার সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলির কর্মীদের প্রাপ্য মিটিয়ে দিতে সংশ্লিষ্ট পোর্টালগুলোতে দ্রুত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের নির্ভুলতা যাচাই ও তা একত্র করার প্রক্রিয়া শেষ হলেই নির্দিষ্ট সময়কালের বকেয়া অর্থ বরাদ্দ করবে সরকার।

রাজ্যের অর্থদপ্তর স্পষ্ট জানিয়েছে, বকেয়া মেটানোর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে দপ্তরের প্রদান করা তথ্যের ওপর নির্ভরশীল। তাই কোনও রকম দেরি না করে দ্রুত ডেটা জমার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এই পদক্ষেপে কয়েক হাজার গ্রান্ট-ইন-এইড কর্মী ও পেনশনারের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *