কলকাতার ব্যবসায়ীর সাথে ৩০ লক্ষ টাকার জালিয়াতি পুলিশের জালে দুই প্রতারক
সাদা কাগজের বান্ডিলের ওপর ৫০০ টাকার কালার জেরক্স নোট সাজিয়ে ৩০ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে রাজস্থানের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সোমবার কলকাতার এক ব্যবসায়ীকে এই ভুয়া টাকা দিয়ে প্রতারণার সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্তরা। পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ সাদা কাগজের বান্ডিল এবং ভুয়া নোটের ফটোকপি।
মঙ্গলবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক তাদের ২ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় আদালতে জানান, ধৃতদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া কালার জেরক্স নোটগুলি পরীক্ষার জন্য প্রয়োজনে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
আদালতে অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও সরকারি কৌঁসুলি তার তীব্র বিরোধিতা করেন। ঘটনার শিকড় কতদূর বিস্তৃত এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণার এই অভিনব কৌশলের নেপথ্যে থাকা মূল মাথাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।