আপনার মেয়েকে কাছে পাঠালে পাবেন মামলা থেকে মুক্তি, পুলিশ কর্মকর্তার জঘন্য কাণ্ড ঘিরে তীব্র উত্তেজনা

মহারাষ্ট্রের আকোলায় এক নারী বন্দিকে যৌন হেনস্থা এবং তার মেয়ের বিনিময়ে মামলার সুরাহা করার প্রস্তাব দেওয়ার অভিযোগে রাজেশ যাদব নামে এক সহকারী পুলিশ সাব-ইন্সপেক্টরকে (এএসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রায় ৮০ লক্ষ টাকার সাইবার জালিয়াতি মামলায় অভিযুক্ত ওই নারীকে পালঘর থেকে গ্রেপ্তার করে আকোলার সিভিল লাইন্স থানা লকআপে রাখা হয়েছিল। অভিযোগ উঠেছে, সেই সুযোগেই ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্ত এএসআই ওই নারীর শ্লীলতাহানি করেন।
তদন্তে জানা গেছে, রাজেশ যাদব ওই নারীকে প্রস্তাব দেন যে তিনি যদি নিজের মেয়েকে তার কাছে পাঠিয়ে দেন, তবে বিনিময়ে তাকে ১০,০০০ টাকা দেওয়া হবে এবং পুলিশি মামলা থেকেও অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ন্যক্কারজনক ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত এএসআই-এর মুখোমুখি হয়ে তাকে তীব্র তিরস্কার করতে দেখা যায়। পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে ওই কর্মকর্তাকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহারাষ্ট্রের ডোম্বিভলি এলাকার একটি নামী স্ককুলেও নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এক শিক্ষিকাকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে স্কুলের ট্রাস্টির ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষিকার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাকে শারীরিক সম্পর্কের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। এই দুই পৃথক ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক নৈতিকতা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।