বালুরঘাটে দুই যুযুধান শিবিরের শক্তির লড়াই, আজ একই দিনে মনোনয়ন পেশ তৃণমূল ও বিজেপির

বৃহস্পতিবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি—উভয় দলই বিশাল শোভাযাত্রা ও মহামিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে। তৃণমূলের কর্মসূচিতে আদিবাসী নৃত্যের পাশাপাশি বিপুল কর্মী-সমর্থকদের সমাগম ঘটবে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব। অন্যদিকে, বিজেপির মিছিলে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে চারজন প্রার্থী মনোনয়ন জমা দেবেন।
একই দিনে দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচি থাকায় প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উভয় দলকে আলাদা আলাদা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রথমে তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হবে এবং পরবর্তীতে বিজেপি তাদের শোভাযাত্রা বের করবে। মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষই শহরজুড়ে ব্যাপক জমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, এদিন বালুরঘাটের তিনজন প্রার্থী মনোনয়ন জমা দেবেন। অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানিয়েছেন, সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তাদের প্রার্থীরা নির্দিষ্ট সময়ে প্রশাসনিক ভবনে পৌঁছাবেন। বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর বিধানসভার মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে জেলা প্রশাসনিক ভবন চত্বর।