আগামী তিন সপ্তাহে ইরানের ওপর নামবে তীব্র হামলা, হুঙ্কার দিয়ে বড় জয়ের দাবি করলেন ট্রাম্প

আগামী তিন সপ্তাহে ইরানের ওপর নামবে তীব্র হামলা, হুঙ্কার দিয়ে বড় জয়ের দাবি করলেন ট্রাম্প

হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আমেরিকার চলমান অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-র এক মাস পূর্তিতে বড়সড় ঘোষণা দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন হামলায় ইরানের সামরিক শক্তি ইতিমধ্যে পর্যুদস্ত হয়েছে এবং তাদের নৌ ও বিমানবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন যে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই হামলা আরও তীব্র আকার ধারণ করবে, যার মূল লক্ষ্য হবে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো।

ট্রাম্পের মতে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ড ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং তারা ড্রোন বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা হারিয়েছে। তিনি স্পষ্টভাবে জানান যে, ইরানকে তিনি ‘প্রস্তর যুগে’ নিয়ে যেতে চান এবং খুব শীঘ্রই এই যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটবে। ভাষণে তিনি বিশ্বের অন্যান্য দেশগুলিকেও হরমুজ প্রণালীকে ইরানের দখলমুক্ত করার আহ্বান জানান।

আমেরিকার নিরাপত্তার স্বার্থেই এই যুদ্ধ জরুরি ছিল বলে ট্রাম্প উল্লেখ করেন। তিনি জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, যা বিশ্বশান্তির জন্য বড় হুমকি। অতীতের ভুল সংশোধন করে কাসেম সোলেইমানিকে হত্যা এবং পারমাণবিক চুক্তি বাতিলের মতো সাহসী পদক্ষেপের কারণেই আমেরিকা আজ জয়ের পথে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের আশ্বাস, মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর কোনো ক্ষতি হবে না এবং ইরান আর কাউকে হুমকি দেওয়ার অবস্থানে থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *