কর্তব্যের বলিদান চলন্ত ট্রেনে পকেটমার ধরতে গিয়ে দু’পা হারালেন সাহসী কনস্টেবল

উত্তরপ্রদেশের গোন্ডা রেল স্টেশনে পকেটমার ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন জিআরপি কনস্টেবল আকাশ সিং। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে সুনীল কুমার নামে এক যুবককে আটক করেন তিনি। সেই সময় ১ নম্বর প্ল্যাটফর্মে ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস ঢুকলে অভিযুক্ত যুবকটি আচমকা পালিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে।
সাহসী কনস্টেবল আকাশ সিং পিছু ধাওয়া করে চলন্ত ট্রেন থেকে অভিযুক্তকে টেনে নামাতে সক্ষম হলেও ঘটে যায় চরম বিপর্যয়। ধস্তাধস্তির একপর্যায়ে ভারসাম্য হারিয়ে তিনি প্ল্যাটফর্ম ও রেললাইনের মাঝে পড়ে যান। বিপরীত দিক থেকে আসা ট্রেনের চাকায় তাঁর দুটি পা কাটা পড়ে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে দ্রুত গোন্ডা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
আকাশের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে লখনউ ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কর্তব্য পালনে এমন আত্মত্যাগ দেখে স্থানীয়রা ও পুলিশ বিভাগ স্তম্ভিত। এই ঘটনায় অভিযুক্ত সুনীল কুমারও আহত হয়েছে এবং বর্তমানে সে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে।