বিরোধীদের প্রবল আপত্তির মুখে রাজ্যসভায় পাশ হলো সিএপিএফ বিল ২০২৬

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে বুধবার রাজ্যসভায় পাশ হলো গুরুত্বপূর্ণ ‘সিএপিএফ বিল ২০২৬’। বিরোধীদের তীব্র বিরোধিতা ও বিলটিকে সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি উপেক্ষা করেই এটি ধ্বনিভোটে গৃহীত হয়। এই পদক্ষেপের প্রতিবাদে কংগ্রেস ও বিজেডিও-সহ বিরোধী দলগুলো কক্ষ থেকে ওয়াকআউট করে।
বিলের স্বপক্ষে যুক্তি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, এই আইন সংবিধান বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ লঙ্ঘন করে না। বরং এটি কার্যকর হলে কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে এবং বাহিনীর সামগ্রিক পরিকাঠামো শক্তিশালী হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী সাংসদরা।
বিরোধীদের দাবি অগ্রাহ্য করার অভিযোগ তুলে সরব হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। তিনি অভিযোগ করেন, সরকারের একতরফা মনোভাবের কারণে গণতান্ত্রিক আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, জে পি নাড্ডা বিরোধীদের এই আচরণের সমালোচনা করে বলেন যে, তারা গঠনমূলক আলোচনা থেকে এড়িয়ে যেতেই বারবার কক্ষত্যাগ করছেন।