ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, আগামী ৩ সপ্তাহ আরও তীব্র হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, আগামী ৩ সপ্তাহ আরও তীব্র হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘাত নিয়ে বিশ্বজুড়ে জল্পনার অবসান ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। বরং আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। ‘অপারেশন এপিক ফিউরি’র এক মাস পূর্তিতে ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনীর হানায় ইরানের নৌ ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের কমান্ড ব্যবস্থা ভেঙে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট তাঁর ভাষণে দাবি করেছেন, ইরানের অস্ত্র কারখানা ও মিসাইল লঞ্চারগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে স্তব্ধ করে দিয়েছে আমেরিকা। ট্রাম্পের মতে, ইতিহাসের অন্যতম দ্রুত ও ধ্বংসাত্মক বিজয় অর্জন করেছে মার্কিন সেনা। তবে এখনই পিছু হটতে নারাজ ওয়াশিংটন। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে, ট্রাম্পের এই রণংদেহি মূর্তির সমান্তরালে অন্য একটি ইঙ্গিতও মিলেছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী করার কথা বললেও, ট্রাম্পের কিছু বয়ানে আমেরিকা এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার চিন্তাভাবনা করছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি জানিয়েছেন, ইরানের পরমাণু অস্ত্র রোধ করার মূল লক্ষ্য অর্জিত হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকা এই যুদ্ধ থেকে সরে দাঁড়ালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত হ্রাস পাবে। একদিকে হামলার তীব্রতা বাড়ানো এবং অন্যদিকে যুদ্ধ থেকে সরে আসার এই দ্বিমুখী কৌশল নিয়ে বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *