টিডিএস বাঁচানোর নিয়মে বড় বদল, ফর্ম ১৫জি ও ১৫এইচ এর জায়গা নিল নতুন ফর্ম ১২১

টিডিএস বা উৎসে কর কর্তন বন্ধের নিয়মে আমূল পরিবর্তন আনল আয়কর বিভাগ। ২০২৫ সালের আয়কর আইন অনুযায়ী, বছরের পর বছর ধরে প্রচলিত ‘ফরম ১৫জি’ (Form 15G) এবং ‘ফরম ১৫এইচ’ (Form 15H) চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে এই দুই পুরোনো ফরমের পরিবর্তে চালু করা হয়েছে একক এবং অত্যন্ত সহজতর ‘ফরম ১২১’। মূলত কর প্রদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কাগজপত্রের জটিলতা কমাতেই সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ।
এখন থেকে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক এবং সাধারণ করদাতা—উভয়কেই কর ছাড়ের আবেদন করতে শুধুমাত্র ‘ফরম ১২১’ জমা দিতে হবে। আগে বয়সের পার্থক্যের কারণে ভিন্ন ভিন্ন ফরম পূরণ করতে গিয়ে সাধারণ মানুষ প্রায়ই বিভ্রান্তিতে পড়তেন। নতুন নিয়মে ফরম একটি হলেও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সিস্টেম গ্রাহকের বয়স অনুযায়ী স্বয়ংক্রিয়াভাবে কর ছাড়ের সুবিধা নির্ধারণ করে দেবে। এর ফলে প্রবীণ নাগরিকদের ফরম পূরণের দুশ্চিন্তা ও ঝক্কি অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে।
তবে ফরম ১২১ ব্যবহারের ক্ষেত্রে মূল শর্তগুলি অপরিবর্তিত রয়েছে। যদি কোনো ব্যক্তির মোট বার্ষিক আয় করযোগ্য সীমার নিচে থাকে এবং কর দায় শূন্য হয়, তবেই তিনি এই ফরমটি জমা দিতে পারবেন। এটি মূলত একটি ঘোষণাপত্র, যা নিশ্চিত করে যে সংশ্লিষ্ট ব্যক্তির আয়ের ওপর ব্যাংক যেন কোনো টিডিএস না কাটে। ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টের সুদ ছাড়াও পেনশন, মিউচুয়াল ফান্ড রিটার্ন, লভ্যাংশ এবং ভাড়ার আয়ের ক্ষেত্রেও এই নতুন ফরমটি কার্যকর হবে।