মমতার গড়ে পরিবর্তন আনতে শাহের ‘শর্টকাট’ কৌশল, ভবানীপুরে শুভেন্দুর মেগা মনোনয়ন

দক্ষিণ কলকাতার রাজনীতির ভরকেন্দ্র ভবানীপুরে আজ শক্তিপ্রদর্শনে নামল গেরুয়া শিবির। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গড় হিসেবে পরিচিত এই কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মেগা কর্মসূচিতে শুভেন্দুর পাশে থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার মধ্যরাতেই কলকাতায় পৌঁছানোর পর আজ হাজরা মোড় থেকে এক বর্ণাঢ্য রোড শো-তে অংশ নেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই উপস্থিতি রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিলের আগে অমিত শাহ এক বড় ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, আসন্ন নির্বাচনে তিনি নিজে ১৫ দিন পশ্চিমবঙ্গে সময় দেবেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত জনসংযোগ করবেন। শাহ বলেন, “পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমি আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য বিশেষভাবে কলকাতায় এসেছি।”
ভবানীপুরবাসীর উদ্দেশে পরিবর্তনের ডাক দিয়ে শাহ একটি বিশেষ ‘শর্টকাট’ কৌশলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যে পরিবর্তন নিশ্চিত করতে বিজেপিকে ১৭০টি আসনে জিততে হবে। তবে ভবানীপুরের মানুষকে একটি সহজ পথ দেখান তিনি। শাহের দাবি, যদি ভবানীপুরবাসী এই আসনে শুভেন্দুকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন, তবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক লহমায় বদলে যাবে এবং পরিবর্তন সময়ের অপেক্ষা মাত্র।
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে পরাজিত করার প্রসঙ্গ টেনে শাহ জানান, তিনি নিজেই শুভেন্দুকে মমতার ঘরে ঢুকে লড়াই করার পরামর্শ দিয়েছিলেন। তাঁর মতে, গতবার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হারলেও রাজ্য জুড়ে সরকার গড়েছিলেন, কিন্তু এবার গোটা রাজ্যের পাশাপাশি ভবানীপুরেও তাঁর পরাজয় নিশ্চিত। শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা রয়েছে বলেও দলের অন্দর সূত্রে খবর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরের লড়াইকে বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে, তা শাহের এই সফর থেকেই পরিষ্কার। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার বাতিলের অভিযোগে সরব হয়েছেন, তখন অন্যদিকে খাস কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে শুভেন্দুর এই মনোনয়ন পেশ বাংলার রাজনৈতিক উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিল। আজ বিকেলেই হাইভোল্টেজ এই কর্মসূচি শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ।