ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন ঘিরে রণক্ষেত্র অমিত শাহের উপস্থিতিতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ

কালিয়াচক ইস্যুতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে খাস কলকাতায় ব্যাপক সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হাজরা মোড় থেকে রোড শো শুরু হতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
মুখ্যমন্ত্রীর বাড়ির সংলগ্ন এলাকায় মিছিল পৌঁছলে দু-পক্ষের মধ্যে তীব্র স্লোগান ও বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ উঠেছে, তৃণমূল কর্মীরা তারস্বরে প্রচার সঙ্গীত বাজিয়ে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও শেষ পর্যন্ত অশান্তি ঠেকানো যায়নি। পরিস্থিতি বেগতিক বুঝে মাঝপথেই গাড়ি বদল করে গন্তব্যে রওনা হন অমিত শাহ ও শুভেন্দু।
বিজেপি নেতা তাপস রায় এই ঘটনাকে তৃণমূলের ‘নোংরামি’ বলে তীব্র কটাক্ষ করেছেন। অন্যদিকে, শাসক শিবিরের দাবি, বিজেপিই প্ররোচনা ছড়িয়েছে। ভবানীপুরের মতো হাই-প্রোফাইল কেন্দ্রে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই সংঘর্ষ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই হিংসা নির্বাচন পরবর্তী সময়ে আরও বড় আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।