ট্রাম্পের মন্তব্যে অস্থির বিশ্ববাজার আকাশছোঁয়া তেলের দামে চরম উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্স ব্যারেল প্রতি ১০৬ ডলারে পৌঁছেছে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১০৪ ডলারে। ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত না মেলায় এই বাজার অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার তেল পরিবহণ হয় না, তাই এই সমুদ্রপথের সুরক্ষায় দায়বদ্ধতা তাদের নেই। পরিবর্তে, যেসব দেশ এই রুটের ওপর নির্ভরশীল, তাদেরই এগিয়ে এসে প্রণালীটি খোলার উদ্যোগ নিতে হবে বলে তিনি আহ্বান জানান। ট্রাম্পের এমন বার্তায় বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকা কার্যত মধ্যপ্রাচ্যের তেলের নিরাপত্তা নিয়ে নিজেদের দায় ঝেড়ে ফেলেছে। ফলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় লগ্নিকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার পরিবর্তে বরং ইরানের ওপর আরও কঠোর হামলার হুঁশিয়ারি পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ইলারা ক্যাপিটালের গবেষণা অনুযায়ী, আমেরিকার মনোযোগ সরে যাওয়ায় বাজার থেকে অনিশ্চয়তা সহসা কাটছে না। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্রুড অয়েলের দাম উচ্চস্তরেই থাকার সম্ভাবনা প্রবল। ফলে অদূর ভবিষ্যতে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি তেলের দাম কমার কোনো জোরালো লক্ষণ দেখা যাচ্ছে না।