শেয়ার বাজারে বড় ধস নেমে সেনসেক্স ১৫০০ পয়েন্ট পড়ল উধাও ১০ লক্ষ কোটি টাকা

শেয়ার বাজারে বড় ধস নেমে সেনসেক্স ১৫০০ পয়েন্ট পড়ল উধাও ১০ লক্ষ কোটি টাকা

শেয়ার বাজারে বৃহস্পতিবার এক বিশাল পতনের সাক্ষী থাকল লগ্নিকারীরা। সকালের ট্রেডিং শুরু হতেই বিএসই (BSE) সেনসেক্স ১৫০০ পয়েন্টের বেশি কমে ৭১,৫৪৬ পয়েন্টের নিচে নেমে আসে। একইভাবে এনএসই (NSE) নিফটি ৫০০ পয়েন্ট খুইয়ে ২২,১৮৩ স্তরে পৌঁছায়। এই নজিরবিহীন ধসের ফলে মাত্র একদিনের ব্যবধানে বিএসই-তে নথিভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন থেকে বিনিয়োগকারীদের প্রায় ১০ লক্ষ কোটি টাকা সম্পদ এক লহমায় সাফ হয়ে গিয়েছে।

বাজারের এই অস্থিরতার নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ইরানের ওপর আরও তীব্র হামলার হুঁশিয়ারি দেওয়ায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়ে গিয়েছে। ফলে এশিয়ার অন্যান্য প্রধান বাজারগুলির পাশাপাশি ভারতীয় সূচকগুলোতেও রক্তক্ষরণ শুরু হয়।

আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা (FPI) ভারতীয় বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিচ্ছেন। এনএসই-র তথ্য অনুযায়ী, একদিনেই প্রায় ৮,৩৩১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন তারা। ডলারের মূল্যের উর্ধ্বগতি এবং মার্কিন বন্ডের সুদ বৃদ্ধি ভারতীয় টাকার ওপর চাপ সৃষ্টি করেছে। পশ্চিম এশিয়ায় সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা বজায় থাকায় আগামী কয়েকদিন বাজারের এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *