২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জিমেইল আইডিতে বড় বদল আনল গুগল

টেক জায়ান্ট গুগল কোটি কোটি ব্যবহারকারীর দীর্ঘদিনের দাবি মেনে জিমেইল আইডি পরিবর্তনের সুযোগ দিচ্ছে। এখন থেকে নতুন অ্যাকাউন্ট না খুলেই বর্তমান জিমেইল অ্যাড্রেসটি বদলে ফেলার সুবিধা পাবেন গ্রাহকরা। সামাজিক মাধ্যম এক্স-এ এই ঘোষণা দিয়েছেন খোদ গুগল সিইও সুন্দর পিচাই। তিনি জানিয়েছেন, ২০০৪ সালে তৈরি করা ডিজিটাল পরিচয় এখন আর বয়ে বেড়ানোর প্রয়োজন নেই, বরং ব্যবহারকারীরা চাইলে পছন্দমতো নতুন আইডি সেট করতে পারবেন।
আইডি পরিবর্তন করলেও ব্যবহারকারীর পুরনো মেইল বা ডেটা হারানোর কোনো ভয় নেই। গুগল নিশ্চিত করেছে যে, পুরনো আইডিটি স্থায়ীভাবে বর্তমান অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত থাকবে এবং সেটি অন্য কাউকে বরাদ্দ করা হবে না। ফলে পুরনো আইডিতে কোনো মেইল এলে তা স্বয়ংক্রিয়াভাবে নতুন ইনবক্সে জমা হবে। তবে একবার আইডি পরিবর্তন করলে পরবর্তী ১২ মাসের মধ্যে তা আর বদলানো যাবে না।
গুগল অ্যাকাউন্টের পার্সোনাল ইনফো সেকশনে গিয়ে সহজেই এই নতুন নাম সেট করা যাবে। পাশাপাশি জিমেইলে যুক্ত হচ্ছে জেমিনি এআই চালিত স্মার্ট ইনবক্স ফিচার। এই ফিচারের মাধ্যমে জরুরি মেইলগুলো আলাদাভাবে হাইলাইট হবে এবং বড় মেইলের সংক্ষিপ্ত সারাংশ দেখা যাবে। আপাতত যুক্তরাষ্ট্রে এই পরিষেবা শুরু হলেও দ্রুতই ভারতীয় ব্যবহারকারীরা এই বিশেষ সুবিধা পেতে চলেছেন।