পড়াশোনা বন্ধ রেখে এবার প্রেম করার জন্য এক সপ্তাহের বিশেষ ছুটি দিল কলেজ

পড়াশোনা বন্ধ রেখে এবার প্রেম করার জন্য এক সপ্তাহের বিশেষ ছুটি দিল কলেজ

চীনে পড়াশোনার প্রচণ্ড চাপের মাঝে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি দিতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। সিচুয়ান দক্ষিণ-পশ্চিম ভোকেশনাল কলেজ অফ এভিয়েশনসহ একাধিক কলেজ ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্প্রিং ব্রেক’ বা বসন্তকালীন ছুটি ঘোষণা করেছে। তবে এই ছুটির উদ্দেশ্য প্রথাগত অবকাশ নয়, বরং কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ হলো— শিক্ষার্থীরা যেন এই সময়ে প্রকৃতির সান্নিধ্যে যায় এবং নিজেদের মধ্যে সুস্থ সম্পর্ক ও প্রেম উপভোগ করে।

কলেজ কর্তৃপক্ষের মতে, জীবনের প্রতি ভালোবাসা এবং সঙ্গীর সঙ্গে সময় কাটানো শিক্ষার্থীদের চিন্তাভাবনার বিকাশে সহায়ক হবে। এই সাত দিন শিক্ষার্থীদের কোনো ধরাবাঁধা হোমওয়ার্ক করতে হবে না। পরিবর্তে, তারা প্রকৃতি ও ব্যক্তিগত সম্পর্ক থেকে যা শিখবে বা অনুভব করবে, সেটুকুই ডায়েরিতে লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুঁথিগত বিদ্যার বাইরে জীবনের ব্যবহারিক পাঠ নিতেই মূলত এই বিশেষ উদ্যোগ।

বিশেষজ্ঞদের ধারণা, এই সিদ্ধান্তের পেছনে চীনের ক্রমবর্ধমান জনসংখ্যা সংকট ও জন্মহার হ্রাসের গভীর উদ্বেগ রয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে ও সন্তান গ্রহণের অনীহা কাটাতে প্রশাসন এখন থেকেই সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে চাইছে। পাশাপাশি, এই ছুটির মাধ্যমে পর্যটন শিল্প ও অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনাও রয়েছে সরকারের। বইয়ের পাতার বাইরে রঙিন পৃথিবীর অভিজ্ঞতা অর্জনের এই ‘প্রেমের ছুটি’ বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *