তৃণমূলের ছুড়ে ফেলা আবর্জনাই বিজেপির সম্পদ, তালড্যাংরায় বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের ছুড়ে ফেলা আবর্জনাই বিজেপির সম্পদ, তালড্যাংরায় বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তালড্যাংরার রাজনৈতিক ময়দান থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে বিজেপি প্রার্থী সৌভিক পাত্রকে ‘তৃণমূল থেকে বহিষ্কৃত’ বলে কটাক্ষ করেন তিনি। অভিষেক দাবি করেন, বিজেপি এমন একজনকে প্রার্থী করেছে যাঁকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আগেই তৃণমূল থেকে বের করে দেওয়া হয়েছিল।

জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সিমলাপাল থানায় শ্লীলতাহানি ও ভাঙচুরের মতো একাধিক গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। তিনি আক্রমণাত্মক সুরে বলেন, “আমরা যাঁদের আবর্জনা হিসেবে ফেলে দিই, বিজেপি তাঁদেরই নেতা বানিয়ে মাথার ওপরে বসায়।” বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তিনি ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান।

বিজেপিকে আক্রমণের পাশাপাশি তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর কাজের প্রশংসা করেন অভিষেক। তিনি উল্লেখ করেন, ফাল্গুনিবাবু তৃণমূলের নিচুতলা থেকে উঠে আসা এক লড়াকু কর্মী। অঞ্চল স্তর থেকে শুরু করে বিধায়ক হওয়া পর্যন্ত তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা মনে করিয়ে দিয়ে অভিষেক দাবি করেন, ফাল্গুনীবাবুর মতো মাটির মানুষই তালড্যাংরার উন্নয়নে সঠিক নেতৃত্ব দিতে পারবেন।

২০২১ সালে এই আসনে তৃণমূল জয়ী হওয়ার পর উপনির্বাচনেও নিজেদের আধিপত্য বজায় রেখেছিল ঘাসফুল শিবির। ২০২৬-এর নির্বাচনেও সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। অভিষেকের এই মন্তব্যের পর বাঁকুড়ার রাজনৈতিক উত্তাপ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে, যা আগামী দিনের নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *