ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সিইও দপ্তরের সামনে ফের তৃণমূলের বিক্ষোভ

রাজ্যে ভোটার তালিকায় নাম তোলা বা ‘ফর্ম ৬’ নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠল কলকাতার সিইও (মুখ্য নির্বাচনী আধিকারিক) দপ্তরের চত্বর। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দফায় দফায় বিক্ষোভে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকেই এই ইস্যুতে বিক্ষোভ শুরু হলেও বৃহস্পতিবার তা নতুন করে চরম আকার ধারণ করে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে, বিহার ও উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির ভোটারদের নাম অবৈধভাবে বাংলার তালিকায় ঢোকানো হচ্ছে। তাঁর দাবি, বিজেপির নেতারা বস্তা ভর্তি ‘ফর্ম ৬’ নিয়ে কমিশনে প্রবেশ করছেন। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্য়েই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকায় এই কারচুপি আসলে একটি বড়সড় চক্রান্তের অংশ।
অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিক্ষোভ ও অশান্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। কমিশনের সাফ বার্তা, এই ধরনের ‘অসামাজিক কার্যকলাপ’ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর। বুধবারের পর বৃহস্পতিবারও এই উত্তেজনা বজায় থাকায় গোটা এলাকা কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনে বর্তমানে সিইও দপ্তরের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।