মেগা রেসকিউ অপারেশনে ইরান থেকে ফিরলেন ১২০০ ভারতীয়, বিশ্বশান্তির বার্তা মোদীর

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তজনা ও যুদ্ধ পরিস্থিতির মাঝে ইরান থেকে ১২০০-র বেশি ভারতীয় নাগরিককে সফলভাবে উদ্ধার করল কেন্দ্র। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মেগা রেসকিউ অপারেশনের বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৮৪৫ জন পড়ুয়া রয়েছেন, যা সরকারের এই বিশেষ অভিযানের অন্যতম অগ্রাধিকার ছিল।
ভারত সরকারের এই উদ্ধারকার্য অত্যন্ত কৌশলগতভাবে পরিচালনা করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নাগরিকদের বের করে নিয়ে আসতে প্রতিবেশী দেশগুলিকে করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ৯৯৬ জন ভারতীয়কে প্রথমে আর্মেনিয়া এবং ২০৪ জনকে আজারবাইজানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনার যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এই সংকটের মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক স্তরে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত ২৮ মার্চ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। আলাপচারিতায় তিনি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি জ্বালানি পরিকাঠামোর ওপর হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য পথ নিরাপদ ও উন্মুক্ত রাখার বিষয়েও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৬ লক্ষ ২৪ হাজারের বেশি ভারতীয় নাগরিক পশ্চিম এশিয়া থেকে স্বদেশে ফিরেছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিমান পরিষেবাও সচল রাখা হয়েছে। আজ শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহী থেকেই ভারতের উদ্দেশে প্রায় ৯০টি বিমান ওড়ার কথা রয়েছে, যা নাগরিকদের দ্রুত প্রত্যাবর্তনে সহায়তা করবে।
বর্তমান আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিদেশ মন্ত্রক। স্থানীয় প্রশাসন ও ভারতীয় দূতাবাসগুলির মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে প্রতিটি উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। বিদেশে আটকে পড়া নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বদ্ধপরিকর, এই সফল উদ্ধারকার্য সেই বার্তাই পুনরায় স্পষ্ট করল।