ট্রাম্পের শর্তে কি নতিস্বীকার করছে ইরান? হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যে চাঞ্চল্যকর মোড়

ট্রাম্পের শর্তে কি নতিস্বীকার করছে ইরান? হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যে চাঞ্চল্যকর মোড়

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত কি অবশেষে প্রশমিত হতে চলেছে? মার্কিন সংবাদমাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব মেনে বিতর্কিত হরমুজ প্রণালী মুক্ত করতে নাকি সহমত পোষণ করেছে ইরান। বুধবারই সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমানের সঙ্গে এই যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান যদি অবাধ জাহাজ চলাচলের জন্য হরমুজ মুক্ত না করে, তবে তেহরানের ওপর আরও জোরালো আঘাত হানবে ওয়াশিংটন। এমনকি পারমাণবিক সক্ষমতা নষ্ট করে ইরানকে ‘প্রস্তরযুগে’ পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

অন্যদিকে, ট্রাম্পের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ইরান। দেশটির বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে সরাসরি কোনো বৈঠক বা আলোচনা এখনও পর্যন্ত হয়নি। তাঁর দাবি, ওয়াশিংটন পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় আলোচনার প্রস্তাব পাঠালেও তেহরান এখনও তাতে সাড়া দেয়নি। মূলত ডোনাল্ড ট্রাম্প চাইছেন ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করতে এবং এর বিনিময়েই তিনি শান্তি ফেরানোর শর্ত দিয়েছেন।

এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই আন্তর্জাতিক মহলে জল্পনা বাড়ছে। একদিকে ট্রাম্প যেখানে ইরানকে আলোচনার জন্য মরিয়া বলে দাবি করছেন, অন্যদিকে ইরান নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিচ্ছে। তবে শান্তি ফেরাতে ইরান শেষ পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত করে কি না, এখন সেদিকেই নজর বিশ্বরাজনীতির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *