দুর্গাপুরে মনোনয়ন ঘিরে ধুন্ধুমার তৃণমূল ও বিজেপি সংঘাত ও পুলিশের সঙ্গে তুমুল বচসা

আসন্ন ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শিল্পনগরী দুর্গাপুর। বৃহস্পতিবার সিটি সেন্টার চত্বরে মহকুমা শাসকের দফতরের সামনে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। একপাশে তৃণমূলের ‘জয় বাংলা’ এবং অন্যপাশে বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে ময়দানে নামতে হয়।

এদিন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ও পশ্চিমের প্রার্থী কবি দত্ত বিশাল বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন। ঠিক সেই সময়েই বিজেপি প্রার্থীরা সেখানে পৌঁছলে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। বিজেপির অভিযোগ, ১৪৪ ধারা অমান্য করে তৃণমূলের বিশাল জমায়েত হতে দিলেও পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

বিজেপি প্রার্থীর দাবি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুলিশের শীর্ষ কর্তারা ভোট লুঠের ব্লু প্রিন্ট তৈরি করেছেন। ডিসি ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *