মালদহে বিচারকদের ঘেরাও: কড়া অ্যাকশনের হুঁশিয়ারি দিয়ে পুলিশ-প্রশাসনকে চরম বার্তা জ্ঞানেশ কুমারের

মালদহের কালিয়াচকে বিচারকদের ঘেরাও করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব, ডিজি এবং জেলা আধিকারিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারের দায়িত্বজ্ঞানহীন মনোভাব নিয়ে প্রশ্ন তুলে তাঁদের তীব্র ভর্ৎসনা করেন সিইসি।
বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ছয়টি মূল লক্ষ্য বেঁধে দিয়েছে কমিশন। বুথ দখল ও ভুয়ো ভোট রুখতে কঠোর পদক্ষেপের পাশাপাশি ভোটারদের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দেন যে, নিরাপত্তার নামে কোনো গুন্ডা-মস্তান যেন বিশেষ সুবিধা না পায়। যাঁদের প্রকৃত প্রয়োজন, শুধুমাত্র তাঁদেরই নিরাপত্তা পর্যালোচনার পর সুরক্ষা দেওয়া হবে। বিশেষ করে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে পালনের ওপর জোর দেন তিনি।
মালদহের অপ্রীতিকর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত এফআইআর এবং গ্রেফতারের নির্দেশ কার্যকর করতে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি-সহ ১৮ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। বৈঠক শেষে মুখ্য নির্বাচন কমিশনার পুনরায় সতর্ক করে দিয়ে বলেন, রাজ্যের কোথাও মালদহের ঘটনার পুনরাবৃত্তি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার শৈথিল্য দেখা দিলে কমিশন সরাসরি প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে পিছপা হবে না।