বিশ্বকাপের আগে ইরানের পাশে থাকার আশ্বাস ফিফা প্রধানের

বিশ্বকাপের আগে ইরানের পাশে থাকার আশ্বাস ফিফা প্রধানের

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সৃষ্ট সংশয় দূর করতে তৎপর হলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি তুরস্কে গিয়ে ইরানের জাতীয় দলের ফুটবলার ও ফুটবল কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানি ফুটবলারদের কঠিন সময়ে পাশে থাকার এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের জোরালো আশ্বাস দিয়েছেন ফিফা প্রধান।

তুরস্কে একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ইরান দল। সেখানে উপস্থিত হয়ে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইরান যাতে সেরা সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করবে ফিফা। রাজনৈতিক অস্থিরতা থাকলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফা সবসময় ইরানের ফুটবল দলের পাশে থাকবে বলে তিনি স্পষ্টভাবে জানান।

তবে ফিফার এই আশ্বাসের মধ্যেও মাঠে নিজেদের প্রতিবাদ জারি রেখেছেন ইরানের ফুটবলাররা। কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় ফুটবলার ও কোচিং স্টাফরা আমেরিকা ও ইজরায়েলের সামরিক হামলায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এই উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি দলকে বিশ্বকাপে স্বাগত জানালেও নিরাপত্তা নিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন। নিরাপত্তার এই ঝুঁকির কথা মাথায় রেখে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো আমেরিকা থেকে সরিয়ে কানাডা বা মেক্সিকোয় করার আবেদন জানিয়েছিল ইরান ফুটবল ফেডারেশন। ইরান চেয়েছিল তাদের নির্ধারিত চারটি ম্যাচই অন্য দেশে আয়োজিত হোক।

যদিও ইরানের সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইনফান্তিনো। ফিফা সভাপতির মতে, বিশ্বকাপের সূচি অপরিবর্তিত থাকবে এবং ম্যাচগুলো পূর্বনির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। তিনি মনে করিয়ে দেন যে, চুক্তি অনুযায়ী ইরান আমেরিকাতেই খেলবে। তবে খেলোয়াড়দের কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আয়োজক তিন দেশকে বিশেষ অনুরোধ জানিয়েছে ফিফা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের খেলা রয়েছে লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে। সূচি পরিবর্তনের আবেদন খারিজ হলেও ইনফান্তিনোর সফর এবং ব্যক্তিগত আশ্বাস ইরানি শিবিরের উদ্বেগ কিছুটা লাঘব করবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ফুটবলের স্বার্থে রাজনৈতিক সংঘাত দূরে সরিয়ে মাঠের লড়াইয়েই গুরুত্ব দিতে চাইছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *