১৬৭ কোটিতে নজির: রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’ কিনে রেকর্ড গড়লেন সাইরাস পুনাওয়ালা

ভারতীয় শিল্পের ইতিহাসে নতুন নজির গড়ে ১৬৭ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হলো বিশ্বখ্যাত শিল্পী রাজা রবি বর্মার কালজয়ী তৈলচিত্র ‘যশোদা ও কৃষ্ণ’। স্যাফ্রনআর্টের নিলামে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সাইরাস এস পুনাওয়ালা এই বিপুল মূল্যে ছবিটি সংগ্রহ করেন। এর ফলে গত বছর ১১৮ কোটিতে বিক্রি হওয়া মকবুল ফিদা হুসেনের ‘গ্রাম যাত্রা’র রেকর্ড ভেঙে এটি ভারতের সবচেয়ে দামি শিল্পকর্মের মর্যাদা পেল।
১৮৯০ সালে শিল্পীজীবনের শিখরে থাকাকালীন রবি বর্মা এই ছবিটি আঁকেন, যেখানে ইউরোপীয় তেলরং পদ্ধতিতে যশোদা ও শিশু কৃষ্ণের বাৎসল্য রস ফুটে উঠেছে। নিলামের আগে ছবিটির আনুমানিক মূল্য ১২০ কোটি ধরা হলেও চূড়ান্ত দর তার প্রায় দ্বিগুণে পৌঁছায়। ভারত সরকার এই অমর সৃষ্টিকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে ঘোষণা করেছে, যা দেশের বাইরে নিয়ে যাওয়া আইনত নিষিদ্ধ।
রবি বর্মা প্রথম ভারতীয় শিল্পী যিনি দেবদেবীদের ত্রিমাত্রিক ও মানবিক রূপে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিয়েছিলেন। সাইরাস পুনাওয়ালা এই ঐতিহাসিক সম্পদটি সংগ্রহের পর উচ্ছ্বাস প্রকাশ করে জানান, জাতীয় সম্পদ সংরক্ষণ করা তার কাছে একটি বড় দায়িত্ব। বর্তমানে কলকাতার দুর্গাপুজোর থিম থেকে শুরু করে সাধারণের ঘরের ক্যালেন্ডার—সবখানেই রবি বর্মার এই কালজয়ী প্রভাব অনস্বীকার্য।