ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন সামরিক পরিকল্পনা: মোতায়েন হতে পারে হাজার হাজার সেনা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের মজুতকৃত ইউরেনিয়াম জব্দ করতে একটি উচ্চঝুঁকিপূর্ণ সামরিক পরিকল্পনা তৈরি করেছে আমেরিকা। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে ইসফাহান ও নাতানজের মতো সুরক্ষিত পরমাণু কেন্দ্রগুলো থেকে ১,০০০ পাউন্ডের বেশি তেজস্ক্রিয় পদার্থ সরাতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে। শত্রু ভূখণ্ডের গভীরে ঢুকে এই দীর্ঘমেয়াদী স্থল অভিযান পরিচালনা করা অত্যন্ত জটিল ও নজিরবিহীন হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
পরিকল্পনা অনুযায়ী, পূর্ববর্তী বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ইউরেনিয়াম উদ্ধার করা হবে মূল লক্ষ্য। প্রাক্তন বিশেষ বাহিনীর সদস্যরা এই প্রক্রিয়াকে ধীর এবং মারাত্মক বিপজ্জনক বলে সতর্ক করেছেন। উদ্ধারকাজ চলাকালীন সেনাদের দীর্ঘ সময় ইরানি ভূখণ্ডে অবস্থান করতে হবে, যা সমরবিদদের মতে অত্যন্ত সূক্ষ্ম ও কারিগরি চ্যালেঞ্জপূর্ণ একটি কাজ। এটি সাধারণ কোনো হামলার চেয়ে অনেক বেশি জটিল হবে।
তবে এই সামরিক পরিকল্পনার বিকল্প হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ (IAEA)-র মাধ্যমে ইউরেনিয়াম অপসারণের পরামর্শ দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভোটেলের মতে, যুদ্ধবিরতি পরিস্থিতিতে এই পদ্ধতিটি সবচেয়ে নিরাপদ হবে। কারণ, সরাসরি সামরিক অভিযান চালানো হলে পশ্চিম এশিয়া তথা বিশ্ব ভূ-রাজনীতিতে চরম অস্থিরতা ও দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।