হাসিনা আমলে পাচার হওয়া বিপুল অর্থ ফেরাতে মরিয়া তারেক সরকার

হাসিনা আমলে পাচার হওয়া বিপুল অর্থ ফেরাতে মরিয়া তারেক সরকার

শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান প্রশাসন। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে ইতোমধ্যে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি শ্বেতপত্র অনুযায়ী, বিগত সময়ে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ অবৈধভাবে দেশের বাইরে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন যে, পাচার হওয়া অর্থের উৎস এবং অবস্থান শনাক্ত করতে ১১টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই তদন্তকারী দলগুলোতে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড (এনআরবি) এবং শুল্ক গোয়েন্দা বিভাগের দক্ষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে এবং পাচার করা সম্পদ বাজেয়াপ্ত করতে সমন্বিতভাবে কাজ করছে এই সংস্থাগুলো।

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তির ওপর জোর দিচ্ছে সরকার। তারেক রহমান জানান, ‘মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি’ এবং ‘মিউচ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট’ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। বৈশ্বিক এই আইনি কাঠামোর আওতায় পাচারকারীদের তথ্য সংগ্রহ এবং অর্থ জব্দ করার প্রক্রিয়াটি গতিশীল করার চেষ্টা চলছে।

সংসদ অধিবেশনে কোন কোন দেশে অর্থ পাচার করা হয়েছে, তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। বিশেষ করে অতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভারতের নাম উল্লেখ করে একাধিকবার অভিযোগ করা হলেও প্রধানমন্ত্রীর দেওয়া তালিকায় ভারতের নাম দেখা যায়নি। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের একটি বড় অংশ বর্তমানে ভারতে অবস্থান করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি রিপোর্টের ভিত্তিতে অর্থ পাচারের গন্তব্য হিসেবে মোট ১০টি দেশের নাম প্রকাশ করেছেন। এই দেশগুলোর তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, সুইৎজারল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং চিন। এই রাষ্ট্রগুলোর কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে দ্রুত অর্থ ফেরানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *