১০ লক্ষ ছাড়াল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম! আকাশছোঁয়া দর দেখে ফিফার ওপর ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা

১০ লক্ষ ছাড়াল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম! আকাশছোঁয়া দর দেখে ফিফার ওপর ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা

আগামী ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দাম দেখে কার্যত দিশেহারা সাধারণ সমর্থকরা। সম্প্রতি টুর্নামেন্টের শেষ দফার টিকিট বাজারে আসতেই দেখা যাচ্ছে, প্রতিটি বিভাগের টিকিটের মূল্য পূর্বের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখার স্বপ্ন এখন অনেক ফুটবলপ্রেমীর কাছেই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

ফিফা এবার টিকিটের ক্ষেত্রে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি কার্যকর করেছে। এই নিয়ম অনুযায়ী, টিকিটের চাহিদা যত বাড়বে, তার দামও পাল্লা দিয়ে বাড়তে থাকবে। সম্প্রতি ফাইনালের সবচেয়ে দামি ক্যাটাগরির টিকিট বাজারে ছাড়া হয়েছে, যার মূল্য ১০,৯৯০ ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটি প্রায় ১০ লক্ষ ১৯ হাজার টাকা। মধ্যবিত্ত সমর্থকদের কাছে এই বিপুল অর্থ ব্যয় করে গ্যালারিতে যাওয়া প্রায় আসাম্ভব।

শুধুমাত্র প্রথম বিভাগই নয়, ফাইনালের দ্বিতীয় ও তৃতীয় বিভাগের টিকিটের দামও সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। বর্তমানে দ্বিতীয় বিভাগের টিকিটের দর দাঁড়িয়েছে ৬ লক্ষ ৮৭ হাজার টাকা এবং তৃতীয় বিভাগের জন্য গুনতে হচ্ছে ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। গত বুধবার রাতে গ্রুপ পর্বের ১৭টি ম্যাচের টিকিট ছাড়া হলেও নকআউট পর্বের বেশিরভাগ টিকিট এখনও সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।

ফাইনালের পাশাপাশি উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। উদ্বোধনের সবথেকে দামি টিকিটটি বর্তমানে ২ লক্ষ ৫৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। টিকিটের এই অতিরিক্ত মূল্যের কারণে অনেক সমর্থকই মাঠে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। বহু দেশেই সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, নিজের দেশ ফাইনালে উঠলেও তারা বাড়িতে বসে টিভি পর্দায় খেলা দেখা ছাড়া উপায় দেখছেন না।

চড়া দামের প্রভাবে অনেক ম্যাচের টিকিট এখনও অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। সমর্থকরা আগের মতো টিকিট কেনার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। তবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, প্রতিযোগিতার মধ্যবর্তী সময়েও যদি কোনো টিকিট পড়ে থাকে, তবে তা কেনা সম্ভব হবে। টিকিটের এই বাজারদর ফুটবল বিশ্বে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *