ইসরায়েল সফরে কি ইরানের ওপর হামলার কথা জানতেন প্রধানমন্ত্রী মোদী, রাজ্যসভায় স্পষ্ট জবাব কেন্দ্রের

ইসরায়েল সফরে কি ইরানের ওপর হামলার কথা জানতেন প্রধানমন্ত্রী মোদী, রাজ্যসভায় স্পষ্ট জবাব কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর নিয়ে ওঠা জল্পনা উড়িয়ে দিল ভারত সরকার। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরের সময় ইরানের ওপর সামরিক হামলার বিষয়ে কোনো আলোচনা হয়নি বা এ সংক্রান্ত আগাম কোনো তথ্যও সরকারের কাছে ছিল না। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML) সাংসদ আব্দুল ওহাবের প্রশ্নের জবাবে বিদেশ রাষ্ট্রপ্রতি কীর্তি বর্ধন সিং এই তথ্য পেশ করেন।

গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নরেন্দ্র মোদী সেখানে রাষ্ট্রীয় সফর করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই সফরে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, কৃষি, শিক্ষা এবং ডিজিটাল পেমেন্টের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আঞ্চলিক হামলা বা সামরিক অভিযানের মতো বিষয়গুলো আলোচনার সূচিতে ছিল না। সরকার আরও জানিয়েছে, পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে।

বিদেশ রাষ্ট্রপ্রতি আরও জানান, ইরান ও ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী মোদী ও বিদেশমন্ত্রী নিরন্তর সক্রিয় রয়েছেন। শান্তি বজায় রাখতে তাঁরা ইসরায়েল, ইরান, সৌদি আরব, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরশাহি-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এছাড়া, সংঘাতপূর্ণ এলাকা থেকে এ পর্যন্ত প্রায় পৌনে পাঁচ লক্ষ ভারতীয়কে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করেছে সরকার। একইসঙ্গে উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল ও জ্বালানি সরবরাহ বজায় রাখার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *