লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে ২৫০ কোটির প্রতারণার বিস্ফোরক অভিযোগ কেরলের ক্রীড়ামন্ত্রীর

লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে ২৫০ কোটির প্রতারণার বিস্ফোরক অভিযোগ কেরলের ক্রীড়ামন্ত্রীর

লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে এবার সরাসরি প্রতারণা ও বিশ্বাসঘাতকতার বিস্ফোরক অভিযোগ আনলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। তাঁর দাবি, বিপুল অর্থ গ্রহণ করার পরেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কেরলে খেলতে আসেনি বিশ্বচ্যাম্পিয়নরা। স্থানীয় একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় স্তরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়ন দল ও লিওনেল মেসিকে কেরলের মাটিতে নিয়ে আসার জন্য রাজ্য সরকার দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়েছিল। ফুটবল পাগল এই রাজ্যে মেসিদের একটি ম্যাচ আয়োজনের জন্য প্রায় ২৫০ কোটি টাকার প্রয়োজন ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই স্পনসর জোগাড় করার সবরকম চেষ্টাও করা হয়েছিল। কিন্তু সব কিছু চূড়ান্ত হওয়ার পরেও আর্জেন্টিনা দল কেরলে আসেনি।

ভি আবদুরাহিমানের কথায়, “আর্জেন্টিনা ফুটবল সংস্থা আমাদের আবেগের সঙ্গে খেলা করেছে। অর্থ পাওয়ার পর ওরা যে এভাবে আমাদের সঙ্গে প্রতারণা করবে, তা ভাবতেই পারিনি। প্রতিশ্রুতি দেওয়ার পরেও ওরা খেলতে না আসায় আমরা অত্যন্ত হতাশ।” মন্ত্রী আরও দাবি করেছেন যে, শুধুমাত্র ভারত নয়, আরও পাঁচটি দেশের সঙ্গে আর্জেন্টিনা একই ধরনের আচরণ করেছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে।

এই পরিস্থিতিতে আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হবে এবং আর্জেন্টিনা ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। তবে মেসিদের আসার নির্দিষ্ট তারিখ বা প্রতিপক্ষ কারা ছিল, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য মন্ত্রীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের কেরল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই অভিযোগ বেশ তাৎপর্যপূর্ণ। বিরোধীদের দাবি, মেসিদের নিয়ে আসার যে বড় প্রতিশ্রুতি মন্ত্রী আগে দিয়েছিলেন, তা পূরণ করতে না পেরে এখন দায় এড়াতে এবং মুখরক্ষা করতেই তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলছেন। সব মিলিয়ে, আর্জেন্টিনার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ক্রীড়া দুনিয়ায় বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *