সহপাঠীদের কুৎসা ও অবসাদের শিকার কর্নাটকে ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যু

কর্নাটকের মল্লডিহালিতে এক আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী নিকিতা এম ইউ-এর নিথর দেহ তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজের এক অধ্যাপকের সঙ্গে তাঁর নাম জড়িয়ে সহপাঠীদের রটানো মিথ্যা প্রেমের গুজব সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিয়েছেন ওই তরুণী। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অধ্যাপক চিকিৎসক রাজুর সঙ্গে নিকিতার স্বাভাবিক সুসম্পর্ককে কেন্দ্র করে সহপাঠীরা দীর্ঘদিন ধরে কটূক্তি ও কুৎসা রটিয়ে আসছিল। সহকর্মীদের এই মানসিক হেনস্থার জেরে নিকিতা গভীর অবসাদে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে কাউন্সিলিং করিয়ে তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করা হলেও কলেজের ভেতরে বিরামহীন বিদ্রূপ ও মানসিক নির্যাতন তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটায়।
পুলিশ ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মেয়ের মৃত্যুর জন্য তাঁর সহপাঠীদের সরাসরি দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শোকাতুর পরিবার। তাঁদের দাবি, মিথ্যা অপবাদ ও সম্মানহানি সইতে না পেরেই আত্মঘাতী হয়েছেন নিকিতা। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।